Wednesday, September 21, 2016

উত্তর

কেন রোজকার এই খেলা?
কি প্রয়োজন?
কেন এই নিজের সাথে নিরন্তর লড়াই?
রোজ রাতে এ কিসের অপেক্ষা?
ভাললাগে? নিজেকে কষ্ট দিতে?

এই খেলায় হারার নিয়ম,
জিততে নেই।
এ অপ্রয়োজনীয়তা অভ্যেস,
কারণ নেই।
লড়াই শেষে মরতে হবে,
জীবন নেই।
অপেক্ষার আদি আছে, অন্ত নেই।
কষ্ট সইয়ে নিতে হয়,
উপায় নেই।
আছে শুধু প্রশ্নবোধক চিহ্ন,
উত্তর নেই।

Tuesday, September 20, 2016

অস্তিত্ব

রোজ, সকালে নিজেকে,
তারপর আস্তে আস্তে সারা দুনিয়াকে
প্রমাণ করতে হবে
আমি আছি।
আমি নিশ্বাস নিচ্ছি
আমি কাজ করছি
আমি ভাবছি
আমি অনুভব করছি,
আমি আছি।
রোজ, নিয়ম করে মনে করিয়ে দিতে হবে
আমি একটা মানুষ
রক্ত মাংস হাড় শুধু নয়
একটা হৃদয় আছে।
বুকের ভেতর মোচড় দিয়ে রোজ
সে আমায় জানান দেয়, সে আছে।
আর্জি জানায়,
বন্ধ কর অত্যাচার।
বারবার বলে, আমি ক্লান্ত...
বলতে বলতে এক সময়
চুপ করে যায়।
হাল ছেড়ে দেয়...

ও জানেনা।
রোজ সকাল থেকে রাত অবধি
এই খেলাটা চলে।
"শোনো! এই যে আমি,
আমি আছি।
বন্ধ কর অত্যাচার,
আমি ক্লান্ত।"
বলতে বলতে এক সময়,
চুপ করে যাই আমি।
হাল ছেড়ে দি...

Sunday, September 18, 2016

ইচ্ছেপুরণ

পাগল বলে।
বলে বিয়েটা করলেই
করলেই পাগলামিটা সেরে যাবে।
বলে, সব ঠিক হয়ে যাবে।
শুধু বলেনা, বিশ্বাস করে।

সেরে যাবে।
আমিও জানি।
পাগলামি আর প্রকাশ পাবেনা।
মনের ভেতর, অন্ধকার এক কোনে,
যত্ন করে তুলে রেখে দেব আমি নিজেই।

রেখে দেব।
সাথে রাখব অনেক কথা
রাখব স্বপ্ন
আর ইচ্ছে।
সবার কি আর ইচ্ছেপুরণ হয়?

ঘুম চাই, ঘুম

আরেকবার ফোন করি।
দেখিই না, জেগেও তো থাকতে পারে।
না থাক, একবার তো কথা হল।
আরেকবার করলে যদি বিরক্ত হয়?
ইচ্ছে, যদি দমে গেল, তাহলে ঘুম।
নইলে,
বেশিক্ষণ জ্বালাবনা। সত্যি!
নম্বরে হাত।
ব্যস্ত।
এত রাতে?
ওহ হতেই তো পারে!
ঘুম আসেনা।
ঘুম চাই।
ঘুম নেই।
এত রাতে? ব্যস্ত?
আছে অনেকে, কথা বলার।
বা হয়ত আছে একজন।
জানিনা। জানতে চাইনা। চাই।
আমি যে ফোন করলাম, বুঝলনা বোধহয়।
থাক।
থাক।
ঘুম চাই, ঘুম।