Monday, November 21, 2016

What if?

What if one day you woke up
to realise I was gone.
Would it affect you?
Would you miss me then?
Would you treat it as a loss?

What if, I never came back?
Memories, would they haunt you?

What if one day, I walk away.
If I never turn back.
If I leave it all behind.

Would you wait?
Would you come after me?
Would the nights feel empty?
Would the days seem dull?

But you know, you have me.
So I will never know.
I will never know if I have you too.

Friday, October 7, 2016

দেখো

একদিন,
আমার অভিমান মর্যাদা পাবে
অপেক্ষা পাবে স্বীকৃতি
স্বপ্নগুলো দেখবে দিনের আলো
ইচ্ছেগুলোর সাহস বাড়বে।

জমে থাকা কষ্টগুলো
গাল বেয়ে চুঁয়ে পড়ার
অনুমতি পেয়ে মুক্ত হবে।

একদিন,
অদৃশ্য থাকবনা আর
পরোক্ষে থাকার মেয়াদ ফুরোবে
আমায় স্পষ্ট করে দেখতে পাবে
তুমি।
সেদিন তুমি দেখো,
এত অনুযোগ, দুঃখ, যাতনা
এত অনাদর, অবজ্ঞা ছাপিয়ে
তুমি শুধু প্রেম দেখতে পাবে।
তুমি শুধু সব ছাপিয়ে
আমার পরতে পরতে লেগে থাকা
তোমার প্রতি আমার প্রেমটাই
দেখতে পাবে!

Thursday, October 6, 2016

তোর জন্য

আর কখনওই আটকে রাখবনা,
একবার চেষ্টা করেছিলাম,
পারিনি।
কিন্তু একদিন,
তোর মনে হবে, থেকে যাই।

একদিন,
তুই আমার হাতে হাত রেখে
চোখে চোখ রেখে
জিজ্ঞেস করবি,
"যদি থেকে যাই,
থাকতে দেবে আমায়, তোমার কাছে?"

উত্তর জানা, তবু তুই জিজ্ঞেস করবি
উত্তর জানা, তবু আমি বলব,
"আয়, তোর জন্য
অপেক্ষা করছিলাম আমি।"

অন্তরতম

আমার প্রিয় কৃষ্ণচূড়া,
আমার শহর, আমার শাড়ি
আকাশ, মেঘ, গঙ্গা, বৃষ্টি
অলিগলি, নদী-পাহাড়-সমুদ্র
রঙ, রামধনু, আমার জ্যোতস্না
আমার চোখের কাজল
আমার কবিতার খাতা
আমার প্রতিটা প্রেম
প্রত্যেকটা ভালোবাসা
শিরায় শিরায়, অনুতে অনুতে
রক্তে, হৃদয়ে, আমার অন্তরে,
তুমি।

জানতাম,
চিনতাম,
অনুভব করতাম।
মানলাম,
আজ...

খেলা

এ খেলাটা বেশ!
এই মুখোসটা মানিয়ে গেছে মুখে
ঢেকে গেছে চোখ দুটো তাই
আড়াল পেয়েছে মন
তোর কাছে লুকোনো বড় সহজ এখন
নাটক বুঝিসনা আর
তবু মাঝে মাঝে গলা ধরে যায়
কেঁপে যায় কন্ঠস্বর
অসুবিধে নেই।

এখন তুই দেখতে পাসনা,
এখন তুই শুনতে পাসনা
এখন তুই আমায় চিনতে পারিসনা
এখন তুই আমায় অনুভব করিসনা।

এখন
আমি একা একা মরি
একা বেঁচে থাকি
নিশ্বাস গুনি,
চোখ মুছি, উঠে দাঁড়াই
তৈরী হই
অভিনয় করি।
আবার।

Wednesday, October 5, 2016

তুমি

তোমার কাছে অনেকগুলো ইচ্ছে জানান দিয়ে
দস্যি মেয়ের অন্যায় আবদার
তোমার কাছে অনেকগুলো স্বপ্ন জমা রেখে
অবিস্রান্ত প্রলাপ পাগলিটার।

কোনো একদিন, অনেক বছর আগে
পড়েছিল তার মন-দরজায় খিল
চাবিটা আজ হঠাৎ পেয়েছে বাগে,
পেয়েছে খুঁজে আবার অন্তমিল।

কথায় কথায় আহ্লাদী সুর তুলে,
বায়না করছে, ধরছে তোমার হাত
অদ্ভুত স্নেহ, নিঃশর্ত আদরে
আলতো ছোঁয়ায় ভেঙে দিলে তুমি বাঁধ।

শত রুপে দেখা, প্রিয় প্রতিটাই
অভিমান আছে, আছে অধিকার,
তবু মাঝে মাঝে ভয়, হারাই হারাই!
পাগলি অবুঝ হয়ে যায় প্রতিবার।

কোথা থেকে তার হদিস তুমি পেলে?
বাঁধলে কেন মনের মধ্যে ঘর?
কেন এত ভালোবাস? কেন এলে?
তুমিই আমার প্রশ্ন, তুমি উত্তর...

Wednesday, September 21, 2016

উত্তর

কেন রোজকার এই খেলা?
কি প্রয়োজন?
কেন এই নিজের সাথে নিরন্তর লড়াই?
রোজ রাতে এ কিসের অপেক্ষা?
ভাললাগে? নিজেকে কষ্ট দিতে?

এই খেলায় হারার নিয়ম,
জিততে নেই।
এ অপ্রয়োজনীয়তা অভ্যেস,
কারণ নেই।
লড়াই শেষে মরতে হবে,
জীবন নেই।
অপেক্ষার আদি আছে, অন্ত নেই।
কষ্ট সইয়ে নিতে হয়,
উপায় নেই।
আছে শুধু প্রশ্নবোধক চিহ্ন,
উত্তর নেই।

Tuesday, September 20, 2016

অস্তিত্ব

রোজ, সকালে নিজেকে,
তারপর আস্তে আস্তে সারা দুনিয়াকে
প্রমাণ করতে হবে
আমি আছি।
আমি নিশ্বাস নিচ্ছি
আমি কাজ করছি
আমি ভাবছি
আমি অনুভব করছি,
আমি আছি।
রোজ, নিয়ম করে মনে করিয়ে দিতে হবে
আমি একটা মানুষ
রক্ত মাংস হাড় শুধু নয়
একটা হৃদয় আছে।
বুকের ভেতর মোচড় দিয়ে রোজ
সে আমায় জানান দেয়, সে আছে।
আর্জি জানায়,
বন্ধ কর অত্যাচার।
বারবার বলে, আমি ক্লান্ত...
বলতে বলতে এক সময়
চুপ করে যায়।
হাল ছেড়ে দেয়...

ও জানেনা।
রোজ সকাল থেকে রাত অবধি
এই খেলাটা চলে।
"শোনো! এই যে আমি,
আমি আছি।
বন্ধ কর অত্যাচার,
আমি ক্লান্ত।"
বলতে বলতে এক সময়,
চুপ করে যাই আমি।
হাল ছেড়ে দি...

Sunday, September 18, 2016

ইচ্ছেপুরণ

পাগল বলে।
বলে বিয়েটা করলেই
করলেই পাগলামিটা সেরে যাবে।
বলে, সব ঠিক হয়ে যাবে।
শুধু বলেনা, বিশ্বাস করে।

সেরে যাবে।
আমিও জানি।
পাগলামি আর প্রকাশ পাবেনা।
মনের ভেতর, অন্ধকার এক কোনে,
যত্ন করে তুলে রেখে দেব আমি নিজেই।

রেখে দেব।
সাথে রাখব অনেক কথা
রাখব স্বপ্ন
আর ইচ্ছে।
সবার কি আর ইচ্ছেপুরণ হয়?

ঘুম চাই, ঘুম

আরেকবার ফোন করি।
দেখিই না, জেগেও তো থাকতে পারে।
না থাক, একবার তো কথা হল।
আরেকবার করলে যদি বিরক্ত হয়?
ইচ্ছে, যদি দমে গেল, তাহলে ঘুম।
নইলে,
বেশিক্ষণ জ্বালাবনা। সত্যি!
নম্বরে হাত।
ব্যস্ত।
এত রাতে?
ওহ হতেই তো পারে!
ঘুম আসেনা।
ঘুম চাই।
ঘুম নেই।
এত রাতে? ব্যস্ত?
আছে অনেকে, কথা বলার।
বা হয়ত আছে একজন।
জানিনা। জানতে চাইনা। চাই।
আমি যে ফোন করলাম, বুঝলনা বোধহয়।
থাক।
থাক।
ঘুম চাই, ঘুম।