Monday, June 29, 2015

আজ

আজ জন্মদিন তোর
পরিচয় মান্ধাতার আমল
বড় হওয়া একসাথে কিন্তু আলাদা
চিনছি নতুন করে রোজ
পাশে আছি, থাকব আজীবন
সম্পর্ক অদ্ভুত
সংজ্ঞা নেই, খুঁজিনা
অভিমান অল্পেতেই তীব্র, অল্পেতে গায়েব
ঝগড়া প্রাত্যহিক, চলবে
সমস্যা প্রচুর!
সমাধান আমরা
প্রশ্ন অবান্তর, তবু আছে, থাকবে
উত্তর জানা, অজানা, আছে, নেই...অদরকারী
চিন্তা প্রয়োজনের চেয়ে বেশী, দুজনেরই
ভাবনা সীমাহীন
কথা অফুরান, তবু না-বলাই বেশী
জীবন প্রতি বাঁকে দেখা
আমরা ভীষণ আলাদা কোথাও, কোথাও ভীষণ এক
আমার কাছে তুই সবার চেয়ে আলাদা
তোর কাছে আমি আমার মত
অনুভুতি ভালবাসি, নিঃশর্তে

আছি, থাকব আজীবন

Wednesday, May 27, 2015

দুরত্ব

আমার মনের ভেতর থাকিস তুই
দুরত্বটা বুঝতে পারিনা!
বিদেশ-বিভুঁই পাশের বাড়ির ছাদ,
খুব একটা মন কেমন করেনা।
দেখতে বড় ইচ্ছে করে তোকে,
চোখদুটো তাই বন্ধ করে রই,
একটা ফোনে সাত-সমুদ্র পার.
এক নিমেষে হাতের কাছে তুই!
বেশি কথা বলার সময় নেই,
তাতে আমার কি বা আসে যায়!
আমরা যখন একদম চুপচাপ,
নৈশব্দ ভাষা খুঁজে পায়...

অন্যদিকে আমার পাশের ঘর,
মনের থেকে যেন বড্ড দূর...
তোর্ দিকে তাই এগোতে ভয় পাই,
ভিতর ভিতর অসংখ্য ভাঙচুর!

Thursday, May 7, 2015

শিখছি

আমার প্রেম শিখছে নীরব হতে,
শিখছে মনে মনে কথা বলা
আমার প্রেম তোকে সঙ্গে নিয়ে
শিখছে পথে একলা হেঁটে চলা...
রাত পোহালে ভোরের আদর মেখে,
শিখছে তোকে চুপটি করে চাওয়া
আমার প্রেম ভীষণ শান্ত হয়ে,
শিখছে ঝড়ের মোকাবিলা করা।
দেখতে যখন ইচ্ছে করে তোকে
শিখছে তোকে একবারও না ডাকা
আমার মন নীরব প্রেমিক হল
চোখ বুজে তাই তোকে দেখতে পাওয়া
শব্দগুলো শিকেয় তুলে দিয়ে
কান্নাগুলো মনের কোনে রাখা,
স্বপ্নগুলো রাতের আঁধার ছুঁয়ে,
ইচ্ছেগুলো হাসির আড়াল ঢাকা
আমার প্রেম নীরব হবে বলে,
শিখছি আমি অল্প কথা বলা...
আমার প্রেম চুপ করেছে এবার,
শিখছি আমি নৈশব্দের খেলা।

Wednesday, April 29, 2015

ভুলভাল

আমি তোকে ভুলে থাকার চেষ্টা করি, খুব!
এই শহর তোকে ভুলতে দেয়না।
অলিগলি, অথবা রাজপথ, তোর ছোঁয়া সর্বত্র ...
কৃষ্ণচুড়ার লাল
এখন আবার অমতাসের হলুদেও
পার্ক স্ট্রিট বা ভিক্টোরিয়া
অথবা রবীন্দ্র সদনের আশেপাশে কোথাও
মেট্রো স্টেশন, সেই যে লাল মন্দির!
অথবা কেউ যদি নেয় শ্যামবাজারের নাম।
মনজিনিসটা "মিও-আমোরে" হয়ে গেছে তাও...
হঠাত যদি গঙ্গা চোখে পড়ে যায়!
বা যদি  মনে পড়ে নৌকো চড়ার কথা
বাসে, ট্রামে, ট্রেনে, অটোতে ... অথবা সেই সন্ধ্যাবেলার ট্যাক্সি
ঘুম ভাঙ্গে যখন রোজ সকালে,
বা ঘুমোতে যাই রাতে
তুই স্বপ্নে হানা দিস!
সেই রেস্তোরাগুলো, যেখানে বসে খেয়েছিলাম কম, বকেছিলাম বেশি!
বা যেগুলোতে খেতে যাওয়ার কথা ছিল
বা, যেগুলোতে খেতে যাওয়ার কথা ভাবিনি কখনো তোর সঙ্গে
সেই রাস্তাগুলো, হেঁটেছিলাম, বা হাঁটবো ভেবেছিলাম
বা শুধুই হারিয়ে গেছিলাম, বা পেরিয়ে
হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতু
সবাই কেন তোর-ই গল্প বলে?
দূরপাল্লার ট্রেনগুলো সব তোকে নিয়েই কেন চলে যায়?
রাতবিরেতে একলা আমার ঘরে,
শহর তোকে কেন আমার কাছে রেখে যায়?

আমি তোকে ভুলে থাকার চেষ্টা করি যত...
মন আরোও বেশি করে তোকেই আঁকড়ে ধরে।
হার মেনেছি তাই,
গল্পটা তাই তোকে নিয়েই হোক!
আমি নাহয় শুনব, বলব, বাঁচব তোকে
আর মাঝে মাঝে নাহয় মরে যাব একটু একটু করে... 

Friday, February 20, 2015

ওরা...

ওরা দুজন
হাঁটছিল পাশাপাশি
কত কথা, কত গল্প
দুজোড়া চোখে স্বপ্ন অনেক
হঠাৎ হাসি,
হঠাৎ চুপ - কথা
কখন যেন হাতে মিশে গেল হাত
বোঝেনি দুজন
কখন যেন বদলে গেল সব, বোঝেনি দুজন।


ওরা দুজনে,
হাঁটছিল পাশাপাশি
নীরবতা মেখে, চোখ ছলছল।
"হাতটা কি ধরব একবার?"
সাহস হয়নি কারো ...
ভাবতে ভাবতে কখন যেন শেষ হয়ে গেল পথ.
কখন যেন চলে যাওয়ার সময় হল
বোঝেনি দুজনে।