Wednesday, April 29, 2015

ভুলভাল

আমি তোকে ভুলে থাকার চেষ্টা করি, খুব!
এই শহর তোকে ভুলতে দেয়না।
অলিগলি, অথবা রাজপথ, তোর ছোঁয়া সর্বত্র ...
কৃষ্ণচুড়ার লাল
এখন আবার অমতাসের হলুদেও
পার্ক স্ট্রিট বা ভিক্টোরিয়া
অথবা রবীন্দ্র সদনের আশেপাশে কোথাও
মেট্রো স্টেশন, সেই যে লাল মন্দির!
অথবা কেউ যদি নেয় শ্যামবাজারের নাম।
মনজিনিসটা "মিও-আমোরে" হয়ে গেছে তাও...
হঠাত যদি গঙ্গা চোখে পড়ে যায়!
বা যদি  মনে পড়ে নৌকো চড়ার কথা
বাসে, ট্রামে, ট্রেনে, অটোতে ... অথবা সেই সন্ধ্যাবেলার ট্যাক্সি
ঘুম ভাঙ্গে যখন রোজ সকালে,
বা ঘুমোতে যাই রাতে
তুই স্বপ্নে হানা দিস!
সেই রেস্তোরাগুলো, যেখানে বসে খেয়েছিলাম কম, বকেছিলাম বেশি!
বা যেগুলোতে খেতে যাওয়ার কথা ছিল
বা, যেগুলোতে খেতে যাওয়ার কথা ভাবিনি কখনো তোর সঙ্গে
সেই রাস্তাগুলো, হেঁটেছিলাম, বা হাঁটবো ভেবেছিলাম
বা শুধুই হারিয়ে গেছিলাম, বা পেরিয়ে
হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতু
সবাই কেন তোর-ই গল্প বলে?
দূরপাল্লার ট্রেনগুলো সব তোকে নিয়েই কেন চলে যায়?
রাতবিরেতে একলা আমার ঘরে,
শহর তোকে কেন আমার কাছে রেখে যায়?

আমি তোকে ভুলে থাকার চেষ্টা করি যত...
মন আরোও বেশি করে তোকেই আঁকড়ে ধরে।
হার মেনেছি তাই,
গল্পটা তাই তোকে নিয়েই হোক!
আমি নাহয় শুনব, বলব, বাঁচব তোকে
আর মাঝে মাঝে নাহয় মরে যাব একটু একটু করে... 

No comments:

Post a Comment